প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা নিজাম উদ্দিনকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দলটি।

সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিনের সই করা এক চিঠিতে তাকে এই নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত খবর ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিজাম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এ কারণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রধান যুগ্ম সমন্বয়কারী মীর আরশাদুল হকের কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সম্প্রতি ফেসবুকে প্রকাশিত দেড় মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম অভিযোগ করছেন যে, সাইফ পাওয়ারটেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনের সঙ্গে নিজাম উদ্দিনের কথোপকথন ধরা পড়ে, যেখানে টাকা লেনদেনের বিষয় উঠে আসে।

এছাড়া, গত ৫ জুলাই রিয়াজুল জান্নাত নামে এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেন, দুই কোটি টাকা চাঁদা না দেওয়ায় তার স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়েছেন নিজাম উদ্দিন। তখন তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও পরে পুনরায় ফিরিয়ে আনা হয়।

সবশেষ গত ৯ আগস্ট ঘোষিত ৩২ সদস্যের নতুন কমিটিতে নিজাম উদ্দিনকে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়। তবে নতুন দায়িত্ব পাওয়ার কয়েকদিনের মধ্যেই আবারও গুরুতর অভিযোগের মুখে পড়লেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা