মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনাটি পুলিশ উদঘাটন করেছে। ৫০০ টাকা চাওয়ার বিষয়টি থেকেই এই নৃশংস হত্যাকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন পুলিশ।
সোমবার (১১ আগস্ট) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা জানান, গত ৯ আগস্ট সকালে নিজের ঘরে গলাকাটা অবস্থায় ছাত্রদল নেতা আব্দুর রহিম রাফির (২৬) মরদেহ উদ্ধার করা হয়। গোপন সূত্র এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিহতের ছোট ভাই রানাকে (১৬) আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার বড় ভাইকে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করে।
পুলিশ জানায়, হত্যার পূর্বদিন রাতে রানা তার ভাইয়ের কাছে ৫০০ টাকা চায়, না পেয়ে গালাগাল ও অপমানের মুখে ক্ষিপ্ত হয়ে পরের দিন সকালে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতিতে ঘুমন্ত অবস্থায় রাফির গলা কেটে দেয়। হত্যার অস্ত্র ও রক্তমাখা লুঙ্গি রানার ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে।
অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা আরও বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ ও বড় ভাইয়ের শাসনের প্রতি ক্ষোভ ছিল রানার। রাফির বিয়ের কারণে বাড়তে থাকা বিরোধও হত্যার পেছনে প্রভাব ফেলেছে।