বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যে ছেলেটি শত শত নেতাকর্মীকে সংঘর্ষে পাঠিয়ে নিজের বিলাসিতায় মেতে ওঠে, তার কথা শোনার বা মানার কোনো কারণ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি ছাত্রনেতাদের বিলাসবহুল জীবনযাপন, সম্পদের উৎস এবং নৈতিকতার প্রশ্নে তীব্র সমালোচনা করেন।
ফজলুর রহমান প্রশ্ন তোলেন, “যাদের পরিবারে অল্প আয়ের অবস্থা ছিল, তারা কিভাবে কোটি টাকার মালিক হলো? এদের কাছ থেকে মুক্তিযুদ্ধের শিক্ষা নেওয়া যায় না।” তিনি আরও বলেন, “৭১ সালের মুক্তিযুদ্ধকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলেই মুক্তিযুদ্ধ খারাপ হয়ে যায় না; যারা মুক্তিযুদ্ধের নামে খারাপ কাজ করে, তারা আসলে রাজাকারের সন্তান।”
মুজিববাদ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ‘মুজিববাদ কবে হয়েছে? কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হইছে? তিনি বলেন, মুজিববাদের স্লোগান হয়েছে ১৯৭২ সালে। ছাত্রলীগ যখন দুই ভাগ হয়ে গেল তখন সিরাজুল আলম খানের নেতৃত্বে যে ছাত্রলীগ ছিল তারা দিতো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান। আর নূরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখন্ডরা দিতো মুজিববাদের স্লোগান— বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ মুজিববাদ।কিছুদিন পরেই দেখা গেল এটার পিছনে কোনো থিসিস নাই, কাজেই ৭৩ সালের পরেই মুজিববাদ স্লোগানটা থেমে যায়।’ মুজিববাদ প্রসঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেন, ‘ছাত্রলীগ যখন ভাগ হয়ে যায়, তখন দুইটা ছাত্রলীগকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অব ডিটেকশন যে এইটা— বৈজ্ঞানিক সমাজতন্ত্র আরেকটা হলো মুজিববাদী। এটা আলাদা করার জন্যই ছিল, কোনো দর্শন ছিল না। ৭৩ এর পরে মুজিববাদ আর শোনা যায়নি।