মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন।
সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এই দাবি জানান।
তিনি বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে, কিন্তু এখনো কার্যকর হয়নি। এই বিলম্বকে তিনি ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন বলে উল্লেখ করেন।
সরকারের প্রতি চূড়ান্ত দাবি জানিয়ে সাইফুল্লাহ খাঁন বলেন, প্রদীপের ফাঁসির নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে, নতুবা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো। তিনি জোর দিয়ে বলেন, ন্যায়বিচার আদালতের রায়ে নয়, তার বাস্তবায়নের মাধ্যমেই নিশ্চিত হয়।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।