জয়পুরহাটের আক্কেলপুরে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে আমিনুর ইসলাম (৩২) নামের এক যাত্রীকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। রোববার (১০ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার চকরঘুনাথ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আমিনুর ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে এবং পাবনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বাবুর্চি পদে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে থাকা অবস্থায় দুই ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে তার ডান হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।