রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে কাফনের কাপড় ও ‘প্রস্তুত হও রাজাকার’ লেখা হুমকি চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ আগস্ট) রাতে উপজেলার ধুরইল গ্রামে এ ঘটনা ঘটে।
হুমকিপ্রাপ্ত নেতা খালিদ হাসান ওরফে মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক।
খালিদ হাসান জানান, রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পর তিনি ঘরে বসে ছিলেন। হঠাৎ জানালার পাশে একজন অপরিচিত ব্যক্তি বলে ওঠেন, “বাইরে বের হয়ে দেখ।” বাইরে গিয়ে তিনি দেখেন, টিনের পাশে একটি কাঠে আগুন জ্বলছে এবং পেট্রলের গন্ধ আসছে।
এরপর বাইরে একটি পলিথিনের ভেতর কাফনের কাপড় ও চিরকুট দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাপড় ও চিরকুট উদ্ধার করে।
খালিদ হাসান বলেন, “এমন হুমকিতে আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় বোঝা যাচ্ছে কারা এর পেছনে রয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করব।”