প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিক্ষা ব্যবস্থা সংস্কারে বাস্তবমুখী উদ্যোগ প্রয়োজন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। তাই দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষাব্যবস্থার সংস্কারে সিপিডিসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি আহ্বান জানান।

রবিবার (১০ আগস্ট) রাজধানীর গুলশান-২-এর লেকশোর হোটেলের লা ভিটা হলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। বিশেষ অতিথি ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মঞ্জুর এবং সিপিবি সাধারণ সম্পাদক রুধিন হোসেন প্রিন্স।

প্যানেল আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান (বাবু), এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ওয়ার্কার রিফর্ম কমিশনের চেয়ার সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ আব্দুল হামিদ, মিডিয়া রিফর্ম কমিশনের সদস্য জিমি আমির এবং আইইউবির ভিসি ড. এম তামিম।

ভিসি আমানুল্লাহ বলেন, “১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিয়ে এখনো গবেষণা হয়নি। প্রতিবছর ১০ লাখের বেশি গ্রাজুয়েট তৈরি হলেও তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন থাকে।” তিনি জানান, শিক্ষার্থীদের কর্মমুখী করতে তথ্যপ্রযুক্তি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে এবং প্রশিক্ষণ কার্যক্রম চলছে। তবে কলেজগুলোতে সুশাসন, জবাবদিহিতা ও শিক্ষকদের পেশাগত দক্ষতার অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। কলেজ পরিচালনা পর্ষদের প্রভাবও একটি বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি।

সংলাপে আরও আলোচনা হয়— আইনশৃঙ্খলা ও প্রশাসনিক স্থিতিশীলতা, মানবাধিকার, পুলিশ সংস্কার, ব্যাংক খাত সংস্কার, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা, অস্থায়ী খাত সংস্কার, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সংবিধান সংস্কার, দুর্নীতি দমন কমিশনের সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিক সংগঠনের কার্যক্রম সহজীকরণ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা