মালয়েশিয়ার কেবাংসান বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটিতে তাঁর তিন দিনের সফরের তৃতীয় দিন, আগামী ১৩ আগস্ট এই ডিগ্রি প্রদান করা হবে।
রবিবার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান এবং ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।
সংবাদ সম্মেলনে মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা কেবাংসান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও নেগেরি সেমবিলন প্রদেশের রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতা দেবেন।
তিনি আরও জানান, সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। এছাড়া, বাংলাদেশের আসিয়ানের ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)-এ যোগদানের আবেদন জোরালোভাবে উপস্থাপন করা হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে আগামী সোমবার (১১ আগস্ট) তিন দিনের সরকারি সফরে দেশটিতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস।