প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫

সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দাবি না মানলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

রোববার (১০ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তাহের বলেন, “জামায়াত নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, তাতে আমাদের আপত্তি নেই। তবে উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়ে যাবো। প্রয়োজনে আন্দোলনে নামবো।”

বিদ্যমান নির্বাচন পদ্ধতিকে ‘অসন্তোষজনক’ উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য পিআর পদ্ধতি অপরিহার্য। এই পদ্ধতি বাংলাদেশে নতুন হলেও বিশ্বে পরিচিত। এতে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন সম্ভব হবে।

সিইসির প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তাহের বলেন, “তিনি জীবনের বিনিময়ে হলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন।”

তিনি আরও বলেন, অতীতের তিনটি নির্বাচন দেখে জনগণের শঙ্কা রয়েছে—ভোট কতটা স্বচ্ছ হবে? তাই আস্থা ফিরিয়ে আনতে হবে। বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে এবং সরকারকে প্রমাণ করতে হবে তারা আন্তরিক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনো নির্বাচনমুখী পরিবেশ তৈরি হয়নি। সিইসি বিষয়টি নিয়ে কাজ করছেন। জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর প্রসঙ্গে তাহের বলেন, “অর্থহীন কাগজে স্বাক্ষরের মানে হয় না, কিছু বিষয় স্পষ্ট হলেই সিদ্ধান্ত নেবো।”

তাহের জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে আপত্তি নেই। “প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, সেমিফাইনাল ও ফাইনালে কমিশনের ভূমিকা পর্যবেক্ষণ করবো,” যোগ করেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা