প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবিতে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে সবার সাথে আলোচনা চলবে: ঢাবি ভিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৫

গত দেড় দশকে ছাত্র রাজনীতির নেতিবাচক কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা মানসিকভাবে ট্রমাগ্রস্ত—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, ক্যাম্পাসে ভবিষ্যতে ছাত্র রাজনীতির রূপ কেমন হবে তা নিয়ে সবার সাথে ধারাবাহিকভাবে আলোচনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বিষয়ে শিক্ষার্থীদের সাথে ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিনে সক্রিয় ছাত্র সংগঠনগুলোকে আমন্ত্রণ জানায় প্রশাসন। রোববার (১০ আগস্ট) দুপুর সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে বৈঠকটি শুরু হয়।

বৈঠকের আগে উপাচার্য ড. নিয়াজ আহমেদ জানান, সমঅধিকারের ভিত্তিতে যেন সবাই হলে শান্তিপূর্ণভাবে ডাকসুকেন্দ্রিক কার্যক্রম চালাতে পারে, সে লক্ষ্যে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে রুদ্ধদ্বার আলোচনা শুরুর কিছুক্ষণের মধ্যেই ইসলামী ছাত্রশিবিরের উপস্থিতি দেখিয়ে বৈঠক বর্জন করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। তারা শিবিরের বিরুদ্ধে গুপ্ত কার্যক্রমের অভিযোগ এনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সংগঠনটির ভূমিকার প্রতিবাদ জানান।

অন্যদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) জানায়, তারা আবাসিক হল ও একাডেমিক ক্ষেত্রে রাজনৈতিক কাঠামো চায় না।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) দাবি করে, ক্যাম্পাসে শিবিরের গুপ্ত রাজনীতি বন্ধ করে সকলের মতামত নিয়ে ছাত্র রাজনীতির নতুন রূপরেখা তৈরি করতে হবে।

সভায় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা উচিত। তবে এর ধরন নির্ধারণে শিক্ষার্থীদের ভোটাভুটি হতে পারে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার (৮ আগস্ট) ঢাবির হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। পরদিন শনিবার (৯ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে বিক্ষোভের মুখে ঢাবির আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন উপাচার্য।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা