এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন না আলোচিত পরীক্ষার্থী আনিসা আহমেদ। রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে এক ঘণ্টা বিলম্বে যাওয়ায় পরীক্ষা দিতে পারেননি তিনি।। ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থী চলতি বছরের ২৬ জুন পরীক্ষার প্রথম দিন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে ব্যর্থ হন।
ঘটনার দিন সকালেই কেন্দ্রের সামনে কান্নারত আনিসার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পোস্টগুলোতে দাবি করা হয়— পরীক্ষার আগে মেজর স্ট্রোকে আক্রান্ত মাকে হাসপাতালে নেওয়ার জন্য তিনি বিলম্বে পৌঁছান। এমনকি তার বাবা নেই বলেও উল্লেখ করা হয়, যা ব্যাপক সহানুভূতির জন্ম দেয়।
তবে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য পুরোপুরি সঠিক নয়। মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা বোর্ডের দুটি আলাদা তদন্তে আনিসার দাবির সপক্ষে প্রমাণ পাওয়া যায়নি। ফলে সরকারি পর্যায়ে বিশেষ ব্যবস্থা নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, “আমাদের এ বিষয়ে কোনো বিশেষ সিদ্ধান্ত নেই। যে বিষয়ের পরীক্ষা দিতে পারেনি, সেখানে যদি সে ৬৬ নম্বর অর্জন করে, তাহলেই পাস করবে।”
এ বিষয়ে আনিসার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি।
উল্লেখ্য, ২৬ জুন পরীক্ষার দিন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পেরে আনিসাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।