প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবির আবাসিক হলে শিবিরের কমিটি নেই: এস এম ফরহাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ স্পষ্ট জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক হলে শিবিরের কোনো রাজনৈতিক কমিটি নেই। শিবির মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্ররাজনীতির প্রতি বিশ্বাসী এবং হলভিত্তিক রাজনীতি নয়। শনিবার মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরহাদ জানান, তারা শিক্ষার্থীদের চাহিদা ও মতামতের ভিত্তিতে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে তীব্র গরমে হলে পানি ফিল্টার সরবরাহ, স্বাস্থ্য ক্যাম্পেইন, নববর্ষে উপহার বিতরণসহ নানা উদ্যোগ। এসব কাজে কিছু আবাসিক শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হলেও, পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়নি।

তিনি আরও জানান, সম্প্রতি মাস্টারদা সূর্য সেন হলে শিবিরের স্থাপন করা একটি পানির ফিল্টার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া রোকেয়া হলে দেওয়া ফিল্টার, ছাত্র অধিকার পরিষদের ভেন্ডিং মেশিন ও ছাত্রদলের দেওয়া ডাস্টবিন বয়কটের ঘোষণা শিক্ষার্থীরা দিয়েছে। ফিল্টার স্থাপনের বিষয়ে ফরহাদ বলেন, শিক্ষার্থীদের মতামত ও হল প্রশাসনের অনুমতি নিয়ে এগুলো বসানো হয়েছে। যদি শিক্ষার্থীরা ব্যবহার করতে না চান, তবে তা সরিয়ে নেওয়া হবে।

ছাত্রশিবির সভাপতি আরও উল্লেখ করেন, শিবির সংবিধানের বাইরে গিয়ে কোনো পদক্ষেপ নেবে না এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট মেনে রাজনীতি করবে। তিনি অভিযোগ তোলেন, যখন ছাত্র ইউনিয়ন জগন্নাথ হলে কমিটি দিয়েছিল, তখন কোনো প্রতিবাদ করেনি উমামা ফ্রন্ট।

এদিকে, শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গুপ্ত ও প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। পরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সকাল সাড়ে তিনটায় হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা