জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব হিসেবে এবিএম রুহুল আমীন হাওলাদার এবং সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে কাজী ফিরোজ রশীদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাপার ১০তম জাতীয় কাউন্সিলে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পাশাপাশি নির্বাহী চেয়ারম্যান পদে মো. মুজিবুল হক চুন্নুকে মনোনীত করা হয়েছে। নির্বাচিত নেতারা আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
আজকের সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে অনুভূতি প্রকাশ করে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অন্যায়ভাবে কাউকে পার্টি থেকে বহিষ্কার করা হবে না। যাঁরা কাজ করবেন, তাঁদের কাজের মূল্যায়নের ভিত্তিতে দলের ভালো পদে দেওয়ার চেষ্টা করব। আরেকটি দিক হলো, আমরা অর্থনৈতিক স্বচ্ছতা উপহার দেব, পাশাপাশি একটি আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করব। আমরা চেষ্টা করব বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের।’
নতুন কমিটি নির্বাচনের আগে নতুন মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছিলেন, ‘জাতীয় পার্টির শাসনামলে কোনো মায়ের কোল খালি হয়নি। আমরা লক্ষ করেছিলাম, জাতীয় পার্টি থেমে যাচ্ছে, পার্টি টুকরা টুকরা হচ্ছে এবং যাঁরা মূল দায়িত্বে ছিলেন, তাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ। কিন্তু আমরা বলতে চাই, জাতীয় পার্টি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আজকের এই কাউন্সিল অঙ্গীকার ব্যক্ত করছে।’