জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনে ১৯০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। একই দিনে দুটি পৃথক অনুষ্ঠানে তিনি মানবসেবার গুরুত্ব তুলে ধরে একতা, ভ্রাতৃত্ব ও সহানুভূতি বৃদ্ধির আহ্বান জানান।
শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে ড. খালিদ জানান, মসজিদের মূল কাঠামো অক্ষুণ্ণ রেখে ভেতরের সাজসজ্জা করা হবে। মসজিদ কমিটির স্বৈরাচারী প্রবণতা বন্ধে প্রস্তুত করা হয়েছে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, যা শিগগিরই চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে।
পরে দুপুরে রাজধানীর বারিধারায় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে অসহায় ও এতিম শিক্ষার্থীদের ভরণপোষণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “সব ধর্মেই মানবসেবা পবিত্র কর্তব্য হিসেবে বিবেচিত। এর মাধ্যমে সমাজে সহানুভূতি, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পায়।”
তিনি আরও বলেন, “মানবসেবা যে মানসিক প্রশান্তি দেয়, তা অর্থ বা খ্যাতি দিয়ে পাওয়া যায় না।” অনুষ্ঠানে তিনি সারাদেশের ৮১টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট তিন কোটি ৭০ লক্ষ ২৮ হাজার টাকার চেক তুলে দেন।
উল্লেখ্য, এই সহায়তা যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ইমদাদুল মুসলিমিনের অর্থায়নে প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (প্রকল্প-১) মো. আনোয়ার হোসেন।