প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। ৮০ বছরের বৃদ্ধ খলিলুর রহমান নিজের পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর এলাকায় এই ঘটনা ঘটে। মুহূর্তটি তাদের নাতি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ভুক্তভোগী ৭০ বছরের খোশেদা বেগম দীর্ঘ ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। স্থানীয় সূত্র জানায়, শারীরিক অক্ষমতা ও বার্ধক্যের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। ঘটনার দিন খলিলুর রহমান ঘরের উঠানে একটি ছোট গর্ত খুঁড়ে স্ত্রীকে সেখানে রেখে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেন। অসুস্থ খোশেদা বেগম চিৎকার শুরু করলে তিনি ক্ষিপ্ত হয়ে মুখে চড় মারেন।

ভিডিওতে দেখা যায়, আশপাশে বেশ কয়েকজন মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়রা জানান, খলিলুর রহমান সাধারণত শান্ত-সরল মানুষ হলেও স্ত্রীর দীর্ঘ অসুস্থতা ও চিকিৎসার চাপ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

ঘটনার বিষয়ে শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, ভিডিও দেখার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়ভাবে সমাধানের কথা জানালেও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ঘটনাটিকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা