নোয়াখালীর বেগমগঞ্জে ঘুমন্ত চালকের কারণে মাইক্রোবাস খালে পড়ে সাতজনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় মাইক্রোবাস চালক এনায়েত হোসেন আকবরকে একমাত্র আসামি করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে নিহতদের স্বজন ও ওমানপ্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা করেন।
চালক এনায়েত হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।
গত বুধবার (৬ আগস্ট) ভোরে ওমানপ্রবাসী বাহার উদ্দিনকে নিয়ে স্বজনরা বাড়ি ফেরার পথে বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে যায়। ঘটনাস্থলেই মারা যান বাহারের নানি ফয়জুন নেসা (৮০), মা খুরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (৩০), মেয়ে মীম আক্তার (২), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও রেশমি আক্তার (১০)।
দুর্ঘটনায় বেঁচে যান বাহার উদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মীর্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন। তাদের অভিযোগ, চালকের ঘুমই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, মামলাটি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।