প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবি ছাত্রদলের হল কমিটি নিয়ে বিতর্ক, তদন্তে তিন সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের নবঘোষিত হল কমিটিগুলোকে ঘিরে বিতর্ক ও নানা অভিযোগ ওঠায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনের ঢাবি শাখা।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাবি শাখার দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কয়েকজনের বিরুদ্ধে তথ্য গোপন করে সংগঠনে যুক্ত হওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—ঢাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন। তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে হল কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এবং দলের অভ্যন্তরে বিভিন্ন সমালোচনা শুরু হয়। কয়েকটি কমিটিতে পদ পাওয়া নেতাদের ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা