প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাংবাদিক তুহিনকে পারিবারিক কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫

গাজীপুরে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের মরদেহ শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যার আগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। প্রিয়জনের মরদেহ একনজর দেখার জন্য ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শত শত মানুষ ভিড় করে। সেখানে কান্নার রোল পড়ে যায়, আর অনেকেই ক্ষোভে ফেটে পড়েন।

তুহিনের লাশ বহনকারী অ্যাম্বুলেন্সটি বিকাল ৬টা ১৫ মিনিটের দিকে বিদ্যালয় মাঠে এসে পৌঁছে। বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনতা ছাড়াও গাজীপুর ও ময়মনসিংহ থেকে আসা সহকর্মী সংবাদকর্মীরা অংশ নেন।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরে একদল দুর্বৃত্ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এই বর্বর হত্যাকাণ্ড ইতোমধ্যেই দেশব্যাপী নিন্দা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

সাংবাদিক তুহিনের মৃত্যুতে সংবাদকর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত বিচার ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবি উঠেছে সর্বত্র।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা