জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে দলটির দশম জাতীয় কাউন্সিল শনিবার (৯ আগস্ট) রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কাউন্সিলে দলীয় চেয়ারম্যান জিএম কাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিভাজনের ইঙ্গিত দিয়েছে।
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “এই কাউন্সিল হবে জাতীয় পার্টির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। বহুদিনের বিভেদ শেষ করে, পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের জাপা আবার ঐক্যবদ্ধভাবে পথচলা শুরু করবে।”
এই কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। আনিসুল ইসলাম মাহমুদ দাবি করেন, কাউন্সিলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত দল হিসেবে আয়োজিত হচ্ছে এবং তারা কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন।
এই কাউন্সিলে জিএম কাদেরকে আমন্ত্রণ না জানানো এবং তার অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন। যদিও আনিসুল মাহমুদ এটিকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই পরিচালিত পদক্ষেপ বলছেন, অন্যদিকে জিএম কাদেরপন্থীরা এটিকে অবৈধ এবং বিভাজনমূলক বলে মন্তব্য করেছেন।
জিএম কাদের ঘোষিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, “চেয়ারম্যান দায়িত্ব না দিলে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলার সুযোগ নেই। এটা একটি অগঠনতান্ত্রিক আয়োজন। দলীয় শৃঙ্খলা মানা নেতাকর্মীরা এতে অংশ নেবেন না।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের সহকর্মীদের প্রতি শিষ্টাচার দেখিয়ে অনেকে স্বেচ্ছায় কাউন্সিল থেকে বিরত থাকবেন।
আনিসুল মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন সৈয়দ আবু হোসেন বাবলা, নাসরিন জাহান রত্না, শফিকুল ইসলাম সেন্টু, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মাসরুর মওলা, জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য অধ্যাপক নূরুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সরদার শাহজাহান, খান মো. ইসরাফিল খোকন, ইয়াকুব হোসেন প্রমুখ।