গাজীপুরে দিনে-দুপুরে পৃথক চারটি স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) শহরের টঙ্গী, কোনাবাড়ি, সালনা ও ভবানীপুর এলাকা থেকে উদ্ধার হওয়া এসব মরদেহের মধ্যে রয়েছে খণ্ডিত লাশ, বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু, বিষক্রিয়াজনিত মৃত্যু এবং সন্দেহজনক খুনের ঘটনা। প্রতিটি ঘটনা ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও চাঞ্চল্য।
টঙ্গী স্টেশন রোড এলাকায় সকালে একটি ট্রাভেল ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা ব্যাগটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, “অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে রাতের কোনো এক সময় হত্যা করে টুকরা করা হয় এবং ব্যাগে করে ফেলে রেখে যাওয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন।”
দক্ষিণ সালনা মিয়াপাড়া এলাকায় নয়ন (২৮) নামে এক অটোচালক অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বাসিন্দা।
সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়নের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি রিসোর্টের কাছে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি একজন ডেকোরেটর ব্যবসায়ী।
তার ছেলে সুমন জানান, রাতে বাবার মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বলেন, “বাবার গায়ে কোনো জামা ছিল না, মোটরসাইকেল পাশে ছিল। তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে মনে হচ্ছে।”
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহম্মেদ ঘটনা নিশ্চিত করেছেন।
কোনাবাড়ি আমবাগ এলাকায় জিল্লু ফকির (৫০) নামে এক অটোচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সকালে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তাকে আশঙ্কাজনক অবস্থায় বাসায় ফিরিয়ে আনা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাতে জানা যায়, তার মৃত্যু বিষক্রিয়াজনিত হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কোনাবাড়ি থানার ওসি মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।