প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৫

গাজীপুরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে (৩২)। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ঈদগাহ মার্কেটের সামনে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত তুহিন একটি পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন এবং স্ত্রী ও দুই সন্তান নিয়ে চান্দনায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বড় ভাইয়ের বরাত দিয়ে পুলিশ জানায়, তুহিন একটি নারীঘটিত ঘটনার ভিডিও ধারণ করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে। ঘটনার সূত্রপাত হয় বাদশা মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে গোলাপি নামের এক নারীর বিবাদকে কেন্দ্র করে। বাদশা মিয়াকে আক্রমণ করার সময় ঘটনাস্থল থেকে তুহিন মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। ভিডিও মুছে ফেলতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানান। এরপর ৬-৭ জন দুর্বৃত্ত ধারালো দা ও চাপাতি নিয়ে তাকে ধাওয়া করে মসজিদ মার্কেটের সামনে ধরে বুকে, গলায়, কাঁধে ও পিঠে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জিএমপির উপ–কমিশনার রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মিলিয়ে তদন্ত চলছে। এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়, বরং নারীঘটিত ঘটনার ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ড।

পুলিশ জানিয়েছে, গোলাপি নামের ওই নারী কৌশলে সম্পর্ক তৈরি করে সন্ত্রাসীদের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে লুটপাট করে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তুহিন তার ফেসবুকে চান্দনা চৌরাস্তা এলাকার যানবাহন ও জনচলাচলের একটি ভিডিও পোস্ট করেন, যার ক্যাপশন ছিল— “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য”। কয়েক ঘণ্টার মধ্যেই ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা