প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতের ওপর ট্রাম্পের শুল্ক রোষ, বাড়ল শুল্কহার ৫০%

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫

রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে দেশটির ওপর মোট শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। নয়াদিল্লি ট্রাম্পের এই পদক্ষেপকে ‘অন্যায্য, অযৌক্তিক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে।

তবে প্রশ্ন উঠেছে, রুশ তেল তো চীনসহ আরও অনেক দেশই কিনছে, তাহলে কেবল ভারতকেই কেন এভাবে শাস্তির মুখোমুখি হতে হলো?

ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মনে করেন, কেবল রুশ তেল কেনার কারণে নয়, বরং রাজনৈতিক কারণে ট্রাম্পের ‘সবচেয়ে বড় ক্ষোভ’ এখন ভারতের ওপর। কারণ, নয়াদিল্লি প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্টের কৃতিত্ব খণ্ডন করেছে।

সম্প্রতি কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের জেরে যুক্তরাষ্ট্র দাবি করে, ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ট্রাম্পের মধ্যস্থতায় হয়েছে। কিন্তু ভারত সে দাবি সরাসরি নাকচ করে জানায়, এটি এসেছে পাকিস্তানের আহ্বানে এবং কোনো আন্তর্জাতিক নেতার হস্তক্ষেপ নেই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে স্পষ্টভাবে বলেন, ভারতীয় সেনা অভিযানের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হয়নি এবং বিশ্বনেতাদের কোনো ভূমিকা ছিল না। যদিও তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি, তবে কূটনৈতিক মহলে বার্তাটি পরিষ্কার।

এই অবস্থান ট্রাম্পকে রাজনৈতিকভাবে বিব্রত করেছে বলেই মনে করেন কুগেলম্যান। তার ভাষায়, “চীন কখনো ট্রাম্পের কৃতিত্ব প্রকাশ্যে খণ্ডন করেনি, কিন্তু ভারত করেছে। এটাই ট্রাম্পের রোষের মূল কারণ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা