প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঝিনাইদহে স্কুল কমিটি নিয়ে জামায়াত-বিএনপি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলায় স্কুল কমিটি নিয়ে বিরোধের জেরে জামায়াত ও বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ইসলামপুর-হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে চার সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় কয়েক মাস আগে, যার আহ্বায়ক হন জামায়াতপন্থী জহুরুল ইসলাম। এ নিয়ে বিএনপি অংশের আপত্তি ও বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। জহুরুল ইসলাম বিদ্যালয়ে প্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় যা পরে সংঘর্ষে রূপ নেয়।

পরে আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেও দুই পক্ষের মধ্যে ফের হাতাহাতি হয়, যা হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে দেয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিএনপি পক্ষ থেকে অভিযোগ করা হয়, প্রধান শিক্ষক ও আহ্বায়ক জহুরুল ইসলাম মিলে ‘পকেট কমিটি’ তৈরি করেছেন। অন্যদিকে জামায়াতপন্থীরা দাবি করেন, বৈধভাবে বোর্ড কর্তৃক কমিটি গঠিত হয়েছে এবং প্রতিপক্ষ হামলা করেছে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা