নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করা হয়েছে, আমরা তা ইতিবাচকভাবেই দেখছি।”
বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুজিবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি রেজাউল করিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং শিক্ষক ফেডারেশনের সভাপতি এম কোরবান আলী।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “৫ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যে জুলাই ডিক্লারেশন দিয়েছেন, তা জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এটি অসম্পূর্ণ এবং একপাক্ষিক। ঘোষণায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় ও বৃহৎ জনগোষ্ঠীর মতামত উপেক্ষিত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি পূর্ণাঙ্গ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ঘোষণাপত্র হোক। যদি জনগণের আশা-আকাঙ্ক্ষা এতে প্রতিফলিত না হয়, তবে ভবিষ্যতে আমরা প্রধান উপদেষ্টার ওপর কেমন আস্থা রাখবো?”
পরওয়ার দাবি করেন, ঘোষণায় আলেম হত্যা, শাপলা চত্বরের ঘটনা ও বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট বাদ পড়েছে। রাজনৈতিকভাবে প্রভাবিত কোনো দলিল দিয়ে নির্বাচন আয়োজন করা উচিত নয়।
“প্রধান উপদেষ্টার উচিত নিরপেক্ষ ভূমিকা পালন করা, যাতে জাতির আত্মত্যাগ ও স্বপ্ন ব্যর্থ না হয়,”— বলেন জামায়াতের এই শীর্ষ নেতা।