প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে চালু করা হবে অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫

ঢাকার উত্তরা এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ওই সময় সাহসিকতার পরিচয় দিয়ে নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ শিক্ষার্থীকে বাঁচিয়ে দেন শিক্ষক মেহরিন চৌধুরী।

এই বীর শিক্ষিকার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে তার নামে একটি জাতীয় অ্যাওয়ার্ড চালুর ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান। তিনি বলেন, “মেহরিন চৌধুরীর নামে শিক্ষকদের জন্য একটি পুরস্কার চালু করবে শিক্ষা মন্ত্রণালয়, যা প্রতিবছর সাহসিকতা, দায়িত্ববোধ ও মানবিক আচরণের জন্য দেওয়া হবে।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সকাল ১০টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকটি শুরু হয় এবং দুপুরে তা শেষ হয়। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। গত বছর (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছিল প্রথম বৈঠক।

প্রধান উপদেষ্টার আগমনে সচিবালয়ে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা। ১ নম্বর গেট ছাড়া সব গেট বন্ধ রাখা হয় এবং দর্শনার্থী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করা হয়।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা