আবারও পরিবর্তন করা হচ্ছে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির নাম। এবার নতুন নাম রাখা হচ্ছে ‘ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ’। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।
২০১৬ সালে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত এই বিশেষায়িত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ’। অন্তর্বর্তী সরকারের সময় গত ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়টির নাম বদলে রাখা হয় ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’। এরপর থেকেই নামকরণ নিয়ে ব্যাপক ক্ষোভ ও আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নামের দাবিতে স্মারকলিপি, মানববন্ধন, ক্লাস বর্জন, রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন। কখনো আশ্বাসে কর্মসূচি স্থগিত হলেও ছাত্রসমাজ তাদের দাবিতে অনড় ছিলেন।
নতুন নামকরণে তাদের দাবির কতটুকু প্রতিফলন ঘটেছে, সেটিই এখন আলোচনার বিষয়।