ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের (OHCHR) কার্যালয় স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ২৪৪ জন শিক্ষক। বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই উদ্বেগ জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন ৫০ জন অধ্যাপক, ৪১ জন সহযোগী অধ্যাপক, ৭৮ জন সহকারী অধ্যাপক এবং ৭৫ জন প্রভাষক। তাদের বিস্তারিত তালিকা mullobodh.com ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
তারা বলেন, মানবাধিকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও জাতিসংঘের “মানবাধিকার” ধারণা অনেকক্ষেত্রে বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। পূর্ববর্তী অভিজ্ঞতা অনুযায়ী, এই ধরনের আন্তর্জাতিক অফিসগুলো অনেক সময় পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র হয়ে ওঠে—যেমন: সমকামিতার স্বীকৃতি, ইউনিফর্ম ফ্যামিলি কোড, গর্ভপাতের বৈধতা ইত্যাদি।
বিবৃতিতে আরও বলা হয়, এই অফিস ৩ বছরের প্রকল্প হিসেবে শুরু হলেও এটি দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে, যা ভবিষ্যতের সরকারকে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে বাঁধাগ্রস্ত করতে পারে। এ সিদ্ধান্ত নেওয়ার আগে জনমত, ধর্মীয় নেতৃত্ব, জাতীয় সংসদ ও শিক্ষাবিদদের মতামত নেয়া উচিত ছিল।
বিবৃতি প্রদানকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক মো. আব্দুস সবুর, আইইউবির ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. মোজাম্মেল হক, সাস্টের অধ্যাপক শামীমা তাসনীম, কুমিল্লা মেডিকেল কলেজের ডা. মো. আরিফ মোর্শেদ খান, বুয়েটের মো. মাসুদ করিম প্রমুখ।
শিক্ষকরা দাবি জানান, দেশের শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা হোক।