প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ছাত্রদল কর্মীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হ/ত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫

পঞ্চগড় জেলা শহরে প্রকাশ্যে ছুরিকাঘাতে জাবেদ ওমর জয় (১৯) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের সিনেমা হল মার্কেটের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জয়কে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জয় জেলা শহরের পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে এবং পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। এছাড়া তিনি স্থানীয় সূচনা ফল ঘরে ম্যানেজার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, পুরাতন শত্রুতার জের ধরে ছাত্রদলের দুই পক্ষ—জয়ের গ্রুপ ও নতুনবস্তি এলাকার ফারাজ ইসলাম আল আমিন গ্রুপের মধ্যে দিনভর উত্তেজনা ও সংঘর্ষ চলছিল। রাতে জয় একা সিনেমা হল এলাকায় গেলে প্রতিপক্ষের ১০–১২ জনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফারাজ ইসলাম আল আমিন ছুরিকাঘাত করলে জয় গুরুতর আহত হন।

এ ঘটনায় শহরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই শহরের দোকানপাট বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। বিক্ষোভ মিছিল বের করে তারা ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়। একইসাথে ঘোষণা দেওয়া হয়, আসামিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত মরদেহ দাফন করা হবে না।

নিহতের ভাই আশরাফ হোসেন বলেন, “জয়কে ছুরিকাঘাতের খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আমার ভাইয়ের হত্যার উপযুক্ত বিচার চাই।”

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, ঘটনার সঙ্গে আল আমিন ও পারভেজসহ কয়েকজন জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা