পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ট্রলারসহ এক নিখোঁজ জেলের মরদেহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ট্রলারটি ভেসে আসলে পর্যটকদের মাঝে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পর্যটকদের সরিয়ে নেয়।
ট্রলারে পাওয়া মৃত জেলের নাম ইদ্রিস হাওলাদার (৫০)। তার পরিচয় শনাক্ত করেন জামাতা সাগর ইসলাম। তিনি জানান, ২৫ জুলাই বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছধরা ট্রলার ‘এফবি সাগরকন্যা’তে ছিলেন তার শ্বশুর। সেদিন ১৫ জন জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। পরে ১০ জনকে জীবিত উদ্ধার করা হলেও, ইদ্রিসসহ আরও কয়েকজন নিখোঁজ ছিলেন।
এর আগে গত ১ আগস্ট ওই একই ট্রলার থেকে নজরুল ইসলাম নামের আরেক জেলের মরদেহ কুয়াকাটা সৈকতের মীরা বাড়ি পয়েন্টে ভেসে আসে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।
নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান জানিয়েছেন, ট্রলার ও মরদেহ উদ্ধার করে শনাক্ত করা হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।