প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীর হোটেল কক্ষ থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫

রাজধানীর রামপুরার মালিবাগ ডিআইটি রোডে একটি আবাসিক হোটেলের কক্ষে আলমগীর খান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত আলমগীর শরীয়তপুর জেলার পালং থানার চব্বিশরশি গ্রামের আ. মজিদ খানের ছেলে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আবু জুবাইর জানান, মালিবাগ ডিআইটি রোডের আবাসিক হোটেল ‘আরা ইসলাম’-এর পঞ্চম তলার ৪১০ নম্বর কক্ষের বারান্দার সামনে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি জানান, আলমগীর ৩ আগস্ট থেকে ওই কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে তিনি হোটেলের ম্যানেজারকে ফোন করে জানান, তার গ্যাস্ট্রিকের ট্যাবলেট প্রয়োজন। ম্যানেজার ওষুধ দিয়ে চলে আসেন।

বুধবার দুপুর পর্যন্ত কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআই আবু জুবাইর বলেন, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা