প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫

সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় বুধবার (৬ আগস্ট) দুপুরে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী আফসানা খুশী (১৭), সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী (১৮) এবং আলীপাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৫০)।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিক্ষার্থীরা অটোরিকশায় শহরে ফিরছিলেন। বাহাদুরপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই আফসানা ও শফিকুলের মৃত্যু হয়। গুরুতর আহত স্নেহা চক্রবর্তীকেও সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা