প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের ল্যাবে আগুন, আহত ২৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সূত্রপাতের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিদ্যালয় ভবনে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

বিদ্যালয়ের গণিত শিক্ষক জামাল উদ্দিন জানান, আসন্ন জেলা বিজ্ঞান মেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা একটি প্রজেক্ট তৈরির কাজ করছিল। ওই সময় ল্যাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মুহূর্তে আগুন লেগে যায়। আগুন দেখে শিক্ষার্থীরা চিৎকার করতে থাকে, এতে নিচের কক্ষগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের উপর থেকে নামতে গিয়ে সিঁড়ির রেলিং ভেঙে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী আকাশ জানান, “আমরা সবাই মিলে সায়েন্স প্রজেক্ট বানাচ্ছিলাম। হঠাৎ করে আগুন লেগে গেলে সবাই ভয় পেয়ে ছুটোছুটি শুরু করে। তখনই অনেকে আহত হয়।”

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সামিউল হুদা বলেন, আহতদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪), ফারিয়া আক্তার (১৪)। উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামে এক শিক্ষার্থীকে ঢাকা পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, “শিক্ষকদের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়।”

এ ঘটনায় থানার পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা