দীর্ঘ অভিনয়জীবনে অগণিত চরিত্রে প্রাণ দিয়েছেন মোশাররফ করিম। মঞ্চ, নাটক, ওটিটি কিংবা চলচ্চিত্র—সব মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ রেখে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন দুই হাতে। তবে কখনো কখনো অভিনয় ছেড়ে দেওয়ার চিন্তা তাকে নাড়া দেয়।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘মাঝেমধ্যে মনে হয় অভিনয়টা ছেড়ে দেব। কিন্তু আমি ১০-১২ দিনের বেশি অভিনয়ের বাইরে থাকতে পারি না। তখন মনে হয়, আমি যা ভাবছিলাম সেটা ভুল ছিল।’’
এমন ভাবনা থেকে কখনো কখনো ভিন্ন কিছু করার ইচ্ছেও জাগে তার মধ্যে। বিশেষ করে সাংবাদিকতা তাকে আকর্ষণ করে ভীষণভাবে। মোশাররফ করিম বলেন, ‘‘আমি সাংবাদিকতাকে খুব শ্রদ্ধা করি। ইচ্ছা হয় তারিক আনাম ভাই কিংবা হায়াত ভাইয়ের মতো শিল্পীদের ইন্টারভিউ নিই। মনে হয়, আলাপ-আলোচনার মধ্য দিয়ে নিজের ভেতরটাও সমৃদ্ধ করা যায়। যদি কোনো দিন অভিনয় ছাড়ি, তবে সাংবাদিকতা করতে পারি।’’
এদিকে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হতে যাচ্ছে মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত – দ্য সার্কেল’।
মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় এই ছবিতে তার সঙ্গে ছিলেন স্ত্রী রেবেনা রেজা জুঁই।