পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের কারাবন্দিত্বের দুই বছর পূর্তিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রদেশে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২৪০ জনের বেশি নেতা-কর্মী গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার লাহোর, করাচি, কোয়েট্টা, মুজাফফরাবাদসহ বেশ কয়েকটি শহরে পিটিআইয়ের ডাকে রাস্তায় নামে হাজারো জনতা। লাহোরে আদালতের সামনে ‘ইমরান খানকে মুক্তি দাও’ স্লোগানে মুখর হয়ে ওঠে জনতা। আইনশৃঙ্খলা রক্ষার অজুহাতে লাহোর থেকেই আটক করা হয় প্রায় ২০০ জন। এছাড়া পাঞ্জাব প্রদেশে রাতভর অভিযান চালিয়ে আরও অনেককে আটক করা হয়।
পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারি অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভেও পুলিশ হামলা চালিয়েছে। তবে পাঞ্জাব সরকারের মুখপাত্র উজমা বুখারি জানান, “পিটিআইকে কোনোভাবেই বিশৃঙ্খলা ছড়াতে দেওয়া হবে না।”
এদিকে রাজধানী ইসলামাবাদে তেমন কোনো বিক্ষোভ না হলেও সড়কে কঠোর নিরাপত্তা জারি ছিল। কোয়েট্টায় নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো—‘সরকার নিপাত যাক’ স্লোগানে তারা বিক্ষোভে অংশ নেয়। করাচিতে ইমরান খানের পোস্টার ও দলীয় পতাকা হাতে ২ হাজারের মতো সমর্থক রাস্তায় নামলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।