প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দেশে ফেরা হলো: কিন্তু বাড়ি ফেরা আর হলো না বাহারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫

আড়াই বছর পর দেশে ফিরে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার স্বপ্ন দেখেছিলেন ওমান প্রবাসী মো. বাহার উদ্দিন।
ঘরে ফেরার সেই স্বপ্নকে ঘিরে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন—‘স্বপ্ন যাবে বাড়ি আমার।’কিন্তু তার স্বপ্নপথ রূপ নেয় এক ভয়াবহ দুঃস্বপ্নে, যেখানে প্রাণ হারান তার স্ত্রী, মেয়ে, মা, নানীসহ পরিবারের সাতজন সদস্য।

বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।

নিহতরা হলেন:

স্ত্রী কবিতা আক্তার (২৪) কন্যা মীম আক্তার (২) মা মুরশিদা বেগম (৫০) নানী ফয়জুন নেছা (৭০) ,ভাতিজি রেশমা আক্তার (৯) ,ভাতিজি লামিয়া আক্তার (৮) ,বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার (২৫)

তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন ফাহিম জানান, “ভোর ৫টা ১৫ মিনিটে দ্রুতগতির মাইক্রোবাসটি খালে পড়ে যায়। চালক পানি থেকে উঠে পালিয়ে যান। বাহার উদ্দিনসহ পাঁচজন গ্লাস ভেঙে বের হয়ে আসেন, কিন্তু সাতজন আটকা পড়েন গাড়ির ভেতর। প্রায় দুই ঘণ্টা পর মরদেহগুলো উদ্ধার করা হয়।”

দুর্ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসে ডুবুরি চাইলেও তা পাওয়া যায়নি।বেগমগঞ্জ ও মাইজদী থেকে দুটি ইউনিট এলেও উদ্ধার কাজ সফল হয়নি।শেষ পর্যন্ত হাইওয়ে পুলিশের রেকারের মাধ্যমে গাড়ি তুলে উদ্ধার করা হয় মরদেহগুলো।

বাহার উদ্দিনের আত্মীয় মো. সুমন বলেন,“পুরো পরিবারটা শেষ হয়ে গেল। কীভাবে এ শোক সইব জানি না। এলাকায় এখন শুধু কান্নার শব্দ।”

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা