জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর দেশের প্রধান দুই বিরোধী রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়ায় ফুটে উঠেছে ভিন্ন সুর ও ভিন্ন মূল্যায়ন। বিএনপি একে স্বাগত জানিয়ে দেখছে ‘নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ হিসেবে, যেখানে জামায়াত জানাচ্ছে হতাশা এবং বলছে—“জাতির প্রত্যাশা পূরণ হয়নি।”
আজ (বুধবার, ৬ আগস্ট) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই অঙ্গীকার পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এগিয়ে যাবে। নির্বাচনই বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।”
তিনি আশা প্রকাশ করেন, দ্রুত রাষ্ট্র সংস্কারের কাজ শেষ করে দেশের গণতন্ত্রে উত্তরণ সম্ভব হবে।
নির্বাচনী ঘোষণা নিয়ে কোনো কোনো রাজনৈতিক দলের অস্বস্তির বিষয়ে মির্জা ফখরুল বলেন, “তারা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে মাত্র। আমরা আশা করি, তারা ইতিবাচক অবস্থান নিয়ে আসবে।”
অন্যদিকে জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ তাহের এক প্রতিক্রিয়ায় জানান, “এই ঘোষণাপত্র জাতির প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এতে আন্দোলনের শহীদ পরিবার, পঙ্গু যোদ্ধা ও সাধারণ মানুষের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই।”
তিনি বলেন, “ঘোষণাপত্রে রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদ পরিবারকে ভাতা, বাস্তবায়নের নির্দিষ্ট সময়—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুপস্থিত। তাই আমরা এবং জাতি—দুজনেই হতাশ।”
তাহের আরও বলেন, “ঘোষণাপত্রের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ’ রূপে জাতির সামনে কিছু স্পষ্টতা আসবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তা ঘটেনি।”