জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণমিছিলে অংশ নিয়ে মৃত্যুবরণ করেছেন জামায়াতে ইসলামীর লোহাগাড়া উপজেলা সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী স্থানীয় পর্যায়ে একটি গণমিছিল বের করে। কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আবুল কালাম। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন,
“৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণমিছিলে অংশগ্রহণকালে মাওলানা আবুল কালাম ভাই ইন্তেকাল করেছেন। জানাজার সময় পরে জানানো হবে।”
জানা গেছে, বর্ষপূর্তির এ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।