জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই ঐতিহাসিক আয়োজনে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
‘জুলাই ঘোষণাপত্র’ ঘিরে আয়োজিত এই সমাবেশে অংশ নিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানের শরীক রাজনৈতিক দল ও নাগরিক প্ল্যাটফর্মের নেতারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
এদিনই ঘোষণা করা হচ্ছে ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’।
ঘোষণাপত্রে তুলে ধরা হচ্ছে— অন্তর্বর্তী সরকারের কাঠামো, নির্বাচন ব্যবস্থার সংস্কার, রাজনৈতিক পুনর্গঠন, এবং নাগরিক অধিকার সংরক্ষণের ভবিষ্যৎ রূপরেখা।
সরকারের প্রেস উইং জানায়, অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ড. ইউনূস নিজেই ঘোষণাপত্র পাঠ করছেন, আর অংশ নেওয়া রাজনৈতিক নেতারা তার পাশে দাঁড়িয়ে একতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।