বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ বিন সাঈদী বলেছেন, “বিগত ফ্যাসিবাদী সরকারের জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার থেকে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন।”
মঙ্গলবার (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াত আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গত ১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি রাষ্ট্র পুনর্গঠনমূলক ও গঠনমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। আজকের এই পরিবর্তন তারই ধারাবাহিকতা। যারা এখনো ভাবছেন শেখ হাসিনা ফিরে আসবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।”
সমাবেশে মাসুদ বিন সাঈদী আরও বলেন, “আমাদের মিছিলে অংশগ্রহণকারীদের তালিকা যারা করছে, জেনে রাখুন আমরাও তাদের তালিকা করছি। একসময় যারা ‘রাজাকার রাজাকার’ বলত তারা এখন ভারতের আশ্রয়ে। অথচ অবাক হতে হয়, কিছু মানুষ এখনো সেই রাজাকার-বাণিজ্য চালিয়ে যাচ্ছে।”
আওয়ামী লীগের পরিচালিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালকে ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করে তিনি বলেন, “হাজারো খুনের দায় হাসিনা এড়িয়ে যেতে পারবে না। বন্দি বিনিময়ের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।”
তবে তিনি দলীয় কর্মীদের উত্তেজিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান এবং বলেন, “বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।”
এর আগে সকাল ১০টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ফরিদ। উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জহিরুল হক, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি ইমরান হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।, রাষ্ট্র সংস্কার, আনন্দ মিছিল, যুদ্ধাপরাধ বিচার, শেখ হাসিনা, বাংলাদেশ নির্বাচন