প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

 গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি— রিয়াদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫

ঢাকার গুলশানে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে নিজের দোষ স্বীকার করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ। রোববার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

রিয়াদ বলেন, “আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি।” তিনি জানান, ১০ লাখ টাকা তিনি ও তার সহযোগী জানে আলম অপু মিলে সমান ভাগে ভাগ করে নিয়েছেন।

জবানবন্দিতে তিনি জানান, সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় পুলিশের সঙ্গে গিয়েও তাকে না পেয়ে ফেরত আসেন। পরে পানির অজুহাতে বাসায় ঢুকে শাম্মীর স্বামীকে হুমকি দিয়ে টাকা আদায় করেন। ঘটনার দিন ও পরে কীভাবে এয়ারপড ফেরত দেওয়ার সূত্র ধরে দ্বিতীয় দফায় চাঁদাবাজি হয়, তাও বিশদভাবে আদালতে বর্ণনা করেন।

ঘটনার পর ২৫ জুলাই পুনরায় ৪০ লাখ টাকা নিতে গেলে রিয়াদসহ অন্য আসামিরা পুলিশের হাতে আটক হন। যদিও অপু তখন পালিয়ে যান, পরে তাকেও গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় রিয়াদ, ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবসহ মোট চারজনকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আদালত রিয়াদের স্বীকারোক্তি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে তাদের সকলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা