প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

 ১২ দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন কলেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৫

উত্তরার মাইলস্টোন কলেজ যেন আজ শোকের এক নীরব মঞ্চ। বিমান দুর্ঘটনার ১২ দিন পর সীমিত পরিসরে খুলেছে কলেজটির মূল ফটক, তবে নেই কোনো পাঠদান, নেই চিরচেনা কোলাহল। শোকস্তব্ধ শিক্ষার্থীরা ফিরে এসেছে ভাঙা ভবনের পাশ দিয়ে, ফিরে এসেছে স্মৃতি আর শূন্যতার ভার বুকে নিয়ে।

রবিবার (৩ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নিরব পদক্ষেপে শ্রেণিকক্ষে প্রবেশ করছে। ১০টা ৩০ মিনিটে শুরু হয় মিলাদ মাহফিল, স্মরণসভা ও শোকানুষ্ঠান, যাতে অংশ নেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।

“আজ ক্লাস হয়নি, এসেছি শুধু বন্ধুদের দেখবো বলে,” বলছিল দশম শ্রেণির সামিরা ইসলাম।
“এই মাঠে একসঙ্গে কতো সময় কেটেছে। এখন শুধু খালি শূন্যতা আর চোখের পানি,”—কাঁপা কণ্ঠে বলেন একাদশ শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম।

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, শিক্ষার্থীদের ধীরে ধীরে মানসিকভাবে প্রস্তুত করার লক্ষ্যে ক্যাম্পাস সীমিতভাবে খোলা হয়েছে। শিক্ষকরা পাশে থেকে কাউন্সেলিং চালিয়ে যাচ্ছেন। মানসিক প্রশান্তি ফেরাতে চলমান রয়েছে একটি চিকিৎসা ক্যাম্পও।

প্রসঙ্গত, গত ২১ জুলাই উত্তরায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভবন ধসে পড়ে, প্রাণ হারান কয়েকজন শিক্ষার্থীসহ বাসিন্দারা। ঘটনার পর তিন দফা ছুটির ঘোষণা দেয় কলেজ কর্তৃপক্ষ। কলেজে এখনো চালু রয়েছে প্রশাসনিক কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় একটি কন্ট্রোল রুম।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা