প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রের শুল্কহার প্রতিযোগিতায় সুবিধাজনকঃ বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য “প্রতিযোগিতামূলক সুবিধাজনক”।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতেও আমরা প্রতিযোগিতামূলক অবস্থানে থাকব। ফলে মার্কিন বাজারে আমাদের রপ্তানিতে কোনো বড় নেতিবাচক প্রভাব পড়বে না। তবে আমরা আশা করেছিলাম এটি ২০ শতাংশের নিচে নামবে।”

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই প্রতিক্রিয়া তুলে ধরেছেন।

এর আগে, ওয়াশিংটনে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি তদারককারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR) এর কয়েক দফা আলোচনার পর এই শুল্ক হার হ্রাসের সিদ্ধান্তে পৌঁছে দুই দেশ। আজ হোয়াইট হাউস এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, বাংলাদেশের রপ্তানি অংশীদারিত্ব, শ্রমমান, এবং টেকসই বাণিজ্যনীতি অনুসরণে অগ্রগতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুল্ক কমার ফলে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন রপ্তানি খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অনেকের মতে, এ সিদ্ধান্ত চীনসহ প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশকে সাময়িকভাবে বাড়তি সুবিধা দেবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা