প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না আওয়ামী লীগঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় পাবে না বলে জানিয়েছেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেওয়া হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।

আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে তিনি আরও বলেন, এটা তদন্তের বিষয়। তদন্ত করলে সব জানা যাবে।

আসন্ন ৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।

সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সত্য ঘটনাটা প্রকাশ করেন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা