প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শাহবাগে আজ ছাত্রদলের শক্তি প্রদর্শন: বর্ষপূর্তিতে বিশাল ছাত্র সমাবেশ

জাবির আহম্মেদ জিহাদ
প্রকাশিত: ২ আগস্ট, ২০২৫

জাতীয়তাবাদী ছাত্রদল আজ রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল আলোচিত ‘ছাত্র সমাবেশ’। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে রাজধানীজুড়ে বিরাজ করছে উত্তেজনা।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, এবারের সমাবেশে অংশ নিচ্ছে দেশের প্রায় সব জেলা ও মহানগরের ইউনিট। সমাবেশ বাস্তবায়নে গঠিত হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। এদের দায়িত্ব শুধু ঢাকার আয়োজনে নয়, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মীদেরকেও সংযুক্ত করা।

ছাত্রদল এবার ব্যতিক্রমধর্মী এক সমাবেশের পরিকল্পনা করেছে। কোনো ব্যানার, ফেস্টুন কিংবা প্ল্যাকার্ড থাকবে না সমাবেশস্থলে। এছাড়া ব্যক্তিগত শোডাউন, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। উপস্থিত কর্মীদের জন্য নির্দিষ্ট ‘ইউনিট ডিসিপ্লিন’ মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্রনেতা এবং সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত থাকবেন।

সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রদল ৬ দফা নির্দেশনা দিয়েছে। এর মধ্যে রয়েছে—

১.ব্যানার-প্ল্যাকার্ড বহন নিষেধ ২.ইউনিটভিত্তিক উপস্থিতি ও শৃঙ্খলা বজায় রাখা ৩.অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহণকে চলাচলে সহায়তা ৪.ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি প্রবেশ নিষেধ ৫.নির্ধারিত সময়ের আগে কেউ সমাবেশস্থলে না আসা ৬.সমাবেশ শেষে জায়গা পরিষ্কার করে ফেরা

প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেওয়া হলেও, একই স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচির কারণে স্থান পরিবর্তন করে শাহবাগ নির্ধারণ করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্রদল ছিল অগ্রভাগে। শুধু জুলাই-আগস্ট আন্দোলনেই ১৪২ ছাত্রদল নেতা-কর্মী শহীদ হয়েছেন। সেই আন্দোলনের চেতনা কোনো একক গোষ্ঠীর নয়—সেটা ছিল পুরো জাতির।”

তিনি জানান, সমাবেশ থেকে ছাত্রসমাজকে দেশের পুনর্গঠনে ভূমিকা রাখতে আহ্বান জানানো হবে।

ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও রংপুর সাংগঠনিক টিমের সদস্য সালেহ মোহাম্মদ আদনান বলেন, “রংপুর মহানগর থেকে শত শত নেতাকর্মী শনিবার রাতেই ঢাকার উদ্দেশে রওনা দেবেন। এবার আর দমন-পীড়নের নয়, উন্মুক্ত পরিবেশে কর্মসূচি পালিত হবে।”

ছাত্রদল এ সমাবেশকে আন্দোলনের গতি ফেরানোর প্রথম ধাপ মনে করছে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ইউনিটভিত্তিক মিটিং, প্রস্তুতি এবং লোকসমাগমের সমন্বয় চলছে টানা কয়েকদিন ধরে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা