প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন হলের ছাদ ধসে ১০ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ছাত্র হলের ছাদ ধসে ১০ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিদ্রোহী হলের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহত সবাইকে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের দিকে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ঠিক সেই সময় ভবনের একটি অংশ হঠাৎ ধসে পড়ে। কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে যান। পরে স্থানীয় শ্রমিক ও এলাকাবাসীরা দ্রুত তাদের উদ্ধার করেন।

জানা গেছে, ছাদ ঢালাইয়ের সময় বৃষ্টি হচ্ছিল। এছাড়াও ভবনের খুঁটি ছিল দুর্বল। এই দুটি বিষয়ই দুর্ঘটনার মূল কারণ বলে মনে করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের রড এবং রড বাঁধার জন্য পাটের দড়ি। শ্রমিকদের জন্য কোনো হেলমেট বা সুরক্ষামূলক পোশাক ছিল না।

এ ভবনে কাজ করা এক অভিজ্ঞ শ্রমিক বলেন, “দশ বছর ধরে নির্মাণকাজ করছি, কিন্তু কখনও বৃষ্টির মধ্যে ছাদ ঢালাই করতে দেখিনি। কাজটি পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, ছাদ ধসের ঘটনায় ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান। এ ছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকেও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হচ্ছে।

দুর্ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অব্যবস্থাপনা ও নির্মাণে তদারকির ঘাটতির একটি স্পষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বলে শিক্ষার্থীদের অনেকে অভিযোগ করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা