হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে ট্রান্সমিটার বিস্ফোরণের ঘটনায় পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিকট শব্দের পর ধোঁয়া ও আগুন দেখা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে উপকেন্দ্রজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দ্রুত সেখানে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিছুক্ষণ পর শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ট্রান্সফর্মারে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে। এতে সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
শাহজিবাজার সাব স্টেশনের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ট্রান্সমিটার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে বিদ্যুৎ সরবরাহ এখনও বন্ধ।”
হবিগঞ্জ পিডিবির সহকারী প্রকৌশলী তাবশির বিন বাশার জানান, “আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।”