প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি চৌমুহনীর হাসান সড়কে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগকর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব মিছিলের একটি ভিডিও তার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্য মতে, ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণ হাতে কয়েকটি ফেস্টুন ও ছাত্রলীগের ব্যানার নিয়ে রেললাইন এলাকা থেকে মিছিল শুরু করে। তারা মিছিলে “শেখ হাসিনা ফিরবে”, “অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ”—এমন নানা ধরনের স্লোগান দেয়।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের চিহ্ন বয়ে বেড়াচ্ছে লাখ লাখ নিরপরাধ মানুষ। অথচ স্থানীয় প্রশাসনের গাফিলতিতে তাদের নিষিদ্ধ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে মিছিল করছে।”

ঘটনার বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান লিটন বলেন, “ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। বাকি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা