জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহীদ, আহত এবং রাজপথে সক্রিয় ছিলেন বিএনপির নেতাকর্মীরাই—এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি তথা চার শতাধিক শহীদের দল বিএনপি (১৪০ জনেরও বেশি ছাত্রদলের), সবচেয়ে বেশি আহত ও পঙ্গু নেতা-কর্মীর দল বিএনপি, সবচেয়ে বেশি রাজপথের যোদ্ধার দলও বিএনপি।”
তিনি উল্লেখ করেন, ১৬ জুলাই আবু সাঈদ ও ওয়াসিম আকরামের শহীদ হওয়ার রাতে তারেক রহমানই প্রথম ‘এক দফা’ কর্মসূচি ঘোষণা করেন। এরপর দেশজুড়ে অভিযান চালিয়ে বিএনপির কার্যালয়গুলো বন্ধ করা হয় এবং হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে নির্মম নির্যাতন চালানো হয় বলে দাবি করেন তিনি।
স্ট্যাটাসে আরও বলা হয়, রাজপথে সক্রিয় ছিলেন বিএনপির সব স্তরের নেতাকর্মী, অঙ্গ-সহযোগী সংগঠন, পেশাজীবী সদস্য এবং দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষ। ভূমিকা রেখেছেন প্রবাসে থাকা দেশপ্রেমিকরাও।
তবে এ আন্দোলনের কৃতিত্ব নিয়ে নানা পক্ষের ‘ন্যারেটিভ’ তৈরির সমালোচনা করে মাহদী আমিন লেখেন, “গণঅভ্যুত্থান সবার; প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের। অথচ নেতৃত্ব ও কৃতিত্ব নিয়ে চলছে কাড়াকাড়ি, শহীদদের অবমূল্যায়ন করে রাষ্ট্রক্ষমতার ভোগ-মোহো—এটা কখনোই ছিল না গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা।”
উল্লেখ্য, জুলাই মাসজুড়ে রাজপথে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে চলছে নানা আলোচনা ও বিতর্ক। ড. মাহদী আমিনের এই মন্তব্যকে অনেকেই আন্দোলনের প্রেক্ষাপট ও দলগত ভূমিকা বোঝার একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে দেখছেন।