জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, উচ্চকক্ষে মোট আসন সংখ্যা হবে ১০০, এবং এ সকল আসনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) দলগুলোর সদস্য মনোনীত হবেন।
অর্থাৎ, জাতীয় নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল যে পরিমাণ ভোট পাবে, সেই অনুপাতে তাদের উচ্চকক্ষে আসন বরাদ্দ দেওয়া হবে। তবে এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দল ও জোটগুলো। তারা বলছে, জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোট নয়, বরং প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষের সদস্য মনোনীত হওয়া উচিত।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান রাজনৈতিক সংলাপের ২৩তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। এটাই ছিল দ্বিতীয় ধাপের চূড়ান্ত দিন। জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আজকের মধ্যেই আলোচনার ধাপ শেষ করে, দ্রুত একটি চূড়ান্ত ঐকমত্য সনদ প্রস্তুত করে দলগুলোর হাতে তুলে দেওয়া হবে।
বিগত কয়েকদিন ধরেই সংসদের উচ্চকক্ষের সদস্য মনোনয়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ চলে আসছিল। বিএনপি ও সমমনা দলগুলো সংসদীয় আসনের সংখ্যার ভিত্তিতে সদস্য মনোনয়ন চাইলেও, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আরও কয়েকটি দল সংখ্যানুপাতিক ভোট পদ্ধতির পক্ষে অবস্থান নেয়।
দীর্ঘ আলোচনার পর দলগুলোর মতভেদ থাকায় বিষয়টি কমিশনের উপর ছেড়ে দেওয়া হয়। কমিশন পর্যালোচনা শেষে ভোটের ভিত্তিতে সংখ্যানুপাতিক পদ্ধতি বাস্তবায়নের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।
কমিশন সূত্রে জানা গেছে, দ্রুত ‘ভিন্নমত ও ঐকমত্যের তালিকা’ দলগুলোর কাছে পাঠানো হবে। একইসঙ্গে, দলগুলোকে স্বাক্ষরের জন্য ঐকমত্য সনদের খসড়া প্রদান এবং একটি আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও করা হচ্ছে।