বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি বাসার খোঁজ পেয়েছে পুলিশ। রাজধানীর বাড্ডায় অবস্থিত ওই বাসায় অভিযান চালিয়ে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, রিমান্ডে থাকা রিয়াদকে জিজ্ঞাসাবাদে একাধিক বাসার তথ্য মিলেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার একটি বাসায় অভিযান চালিয়ে এই টাকা উদ্ধার করা হয়।
এর আগে, গত ২৯ জুলাই তার নাখালপাড়া বাসায় অভিযান চালিয়ে চারটি চেক উদ্ধার করে পুলিশ, যার মোট মূল্য সোয়া দুই কোটি টাকা।
ওসি হাফিজুর রহমান আরও জানান, জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান এখনো চলমান রয়েছে। পুলিশের ধারণা, রিয়াদ ও তার নেটওয়ার্ক অর্থনৈতিক জালিয়াতির সঙ্গে জড়িত থাকতে পারে। এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।